কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৬) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাইদুল খানের (৩২) বিরুদ্ধে কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৬ জুলাই) মধ্যরাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনী এলাকায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইদুল খান কলাপাড়া শহরের এতিমখানা এলাকার বাসিন্দা। সম্প্রতি তিনি নাচনাপাড়া কলোনী এলাকায় নিজের শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন গত শুক্রবার সন্ধ্যায় ওই শিশুকে ২০ টাকার লোভ দেখিয়ে শ্বশুরবাড়ি ও ভুক্তভোগীর ঘরের মধ্যবর্তী একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান তিনি।
ঘটনার পর শিশুটিকে ২০ টাকা দিয়ে বিস্কুট কিনে খাওয়ার কথা বলে ছেড়ে দেওয়া হয় এবং বিষয়টি কাউকে জানালে মারধরের হুমকি দেন অভিযুক্ত সাইদুল। পরে শিশুটি বাড়ি ফিরে সেই টাকা দিয়ে বিস্কুট কিনলে তার মায়ের মনে সন্দেহ হয়। মায়ের জিজ্ঞাসাবাদে শিশুটি পুরো ঘটনা খুলে বলে।
এদিকে, স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেওয়ার বা শালিস-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে পরবর্তীতে স্বজনদের পরামর্শে শিশুটির মা থানায় গিয়ে মামলা করেন।
এ বিষয়ে কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ইলিয়াছ তালুকদার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত সাইদুলকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ভিকটিম শিশুকে স্বাস্থ্য পরীক্ষার (মেডিকেল রিপোর্ট) জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”







