আসন্ন ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপজেলা পর্যায়ে সুষ্ঠুভাবে আয়োজন ও পরিচালনার লক্ষ্যে পটুয়াখালী সদর উপজেলা পরিচালনা কমিটি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে পটুয়াখালী সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মধুমিতা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাত-এর সভাপতিত্বে সভায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন খান।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাত জানান, প্রতিযোগিতার খেলাগুলো উপজেলা পর্যায়ে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অংশগ্রহণে অঞ্চলভিত্তিক মোট ৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও সফলভাবে খেলাগুলো সম্পন্ন করার জন্য তিনি সদর উপজেলা পরিচালনা কমিটিসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের উদ্দেশে জানানো হয়, আগামী ৭ আগস্ট বিকেল ৪টার মধ্যে ১৬ জন খেলোয়াড় ও ২ জন শিক্ষকের সমন্বয়ে গঠিত দলের নাম তালিকাভুক্ত করে তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে জমা দিতে হবে।







