দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় রাতের আঁধারে বন বিভাগের সরকারি গাছ কাটার সময় হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করেছে উপজেলা বন বিভাগ ও পুলিশ।
রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে চরহায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আলগার চর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দশমিনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের আমির মুন্সির ছেলে মো. হারুন মুন্সি, আলী আশরাফের ছেলে মো. মোহসিন মৃধা, শরিফ মোল্লার ছেলে মো. ইব্রাহিম মোল্লা এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজিরহাট গ্রামের মৃত আলম বিশ্বাসের ছেলে মো. মনির বিশ্বাস।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে চরহায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আলগার চরে একদল অসাধু কাঠ ব্যবসায়ী বন বিভাগের গাছ কাটছেন— এমন গোপন সংবাদ পান সংশ্লিষ্ট বিট কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি উপজেলা বন কর্মকর্তাকে অবহিত করেন। পরে উপজেলা বন কর্মকর্তার নির্দেশনায় বন বিভাগের সদস্যরা দশমিনা থানা পুলিশের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে গাছ কাটার করাত, কুঠার, দা এবং ১০–১২ মুঠা মোটা দড়ি উদ্ধার করা হয়। এছাড়া এ সময় প্রায় ২০০টি ছোট-বড় গাছ কাটা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
এ ঘটনায় চরহায়দার ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা রওশন হাসান বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
বিট কর্মকর্তা রওশন হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়।
উপজেলা বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, পটুয়াখালী জেলা বন কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে পুলিশকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। বনাঞ্চল রক্ষায় বন বিভাগের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে আটকের পর গ্রেপ্তারকৃত চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।







