বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে ঘন ঘন লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিকার চেয়ে বিক্ষোভ করেছেন সাধারণ গ্রাহকরা।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে জড়ো হয়ে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় এবং আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে শান্ত থাকার আহ্বান জানান এবং তাদের অভিযোগ মনোযোগ সহকারে শুনে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।
এ সময় বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মুজিবুর রহমান চৌধুরী আন্দোলনকারী গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন। সংকট নিরসনের বিষয়ে তিনি জানান, বর্তমানে বাউফলে বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ মেগাওয়াট হলেও জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত সরবরাহ পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে মাত্র ৬ থেকে সর্বোচ্চ ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। এটি একটি জাতীয় সমস্যা উল্লেখ করে তিনি খুব দ্রুত পরিস্থিতির উন্নতি হওয়ার আশা প্রকাশ করেন।
অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে ডিজিএম বলেন, বিল সংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। তিনি গ্রাহকদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, সেবার মান উন্নয়নে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
এদিকে বিএনপি নেতা হুমায়ুন কবির বলেন, সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে বিদ্যুৎ বিভাগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কোথাও কোনো ধরনের গাফিলতি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং গ্রাহকদের অযৌক্তিক বিদ্যুৎ বিলের অভিযোগ দ্রুত নিষ্পত্তির দাবি জানান।
উল্লেখ্য, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্মসূচির শুরু থেকেই বাউফল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরবর্তীতে কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করেন।







