পটুয়াখালী-৩ আসনের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা সচল রাখতে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলার কোনো অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীর আর্থিক সংকটের কারণে পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হলে প্রতিমন্ত্রী নুরুল হকের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হবে।
সোমবার (২৪ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে নুরুল হক এই সিদ্ধান্তের কথা জানান। তিনি উল্লেখ করেন, স্থানীয় কোনো মেধাবী শিক্ষার্থী অর্থাভাবে পড়ালেখা চালিয়ে যেতে সমস্যার সম্মুখীন হলে তা যেন সরাসরি তাকে বা তার প্রতিনিধিকে জানানো হয়। শিক্ষার্থীদের সহায়তায় তার প্রতিনিধি আবু নাঈমের মোবাইল নম্বরে (+৮৮০১৭৫৬০৮৫৬৪৯) যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ বলেন, ‘‘আমাদের নেতা নুরুল হক ভাই সব সময়ই সাধারণ শিক্ষার্থী ও মেধা মূল্যায়নে সোচ্চার। উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রমাণ করে তিনি শিক্ষা ও তরুণদের উন্নয়নে কতটা আন্তরিক।’’
একই সাথে প্রতিমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গলাচিপা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কাজী খাইরুল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই পদক্ষেপের প্রশংসা করে লিখেন, ছাত্রসংগঠনগুলোর একা এক উপজেলার অসংখ্য শিক্ষার্থীকে সহায়তা করা কঠিন; তাই সমাজের বিত্তবানেরা এগিয়ে এলে কোনো মেধাই অর্থের অভাবে ঝরে পড়বে না। একই সাথে তিনি দলমতের ঊর্ধ্বে উঠে সবাই মিলে শিক্ষার্থী সহায়তায় এগিয়ে আসার আশা প্রকাশ করেন।
প্রতিমন্ত্রীর এই ঘোষণার পর স্থানীয় অভিভাবক, সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া দেখা গেছে।







