দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর সদর উপজেলার শ্রীরামপুর বাজার মসজিদে নামাজে সেজদারত অবস্থায় ইন্তেকাল করা ইমাম হাফেজ মাওলানা আতাউল্লাহর পরিবারের মাঝে খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় মরহুম ইমাম আতাউল্লাহর গ্রামের বাড়ি দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে তার স্ত্রী আয়েশা আক্তারের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে ৫০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৫ কেজি আটা, ১০ কেজি আলু, ৩ কেজি পেঁয়াজ, ৩ লিটার সয়াবিন তেল ও শিশু খাদ্য।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) দীপংকর চক্রবর্তী, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. সাইফুল ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (এসএসএফ) গোবিন্দ মজুমদার, প্রোগ্রাম অর্গানাইজার (ওয়াশ) মো. মিঠুন হাসান ও মেহেরিন আফরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজে সেজদারত অবস্থায় ইন্তেকাল করেন হাফেজ মাওলানা আতাউল্লাহ। মৃত্যুকালে তিনি স্ত্রী, আড়াই বছরের ছেলে ও ৯ মাস বয়সী কন্যা সন্তান রেখে গেছেন।
তিনি দুমকি উপজেলার মাওলানা আব্দুস সালামের একমাত্র ছেলে। প্রায় দেড় বছর ধরে তিনি ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নম্র আচরণ ও ধার্মিকতার কারণে এলাকায় তিনি সবার কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় ছিলেন।







