কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পরিবারের সাথে অভিমান করে ঘরছাড়া হওয়া নাহিদ মল্লিক (১৩) নামের এক শিশু দীর্ঘ ৪৮ ঘণ্টা পর নিজ পরিবারের কাছে ফিরে এসেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে কলাপাড়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করে তার পরিবার।
নাহিদ মল্লিক কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের শ্রমজীবী মো. কাশেম মল্লিকের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে পরিবারের একটি ছোট বিষয় নিয়ে বাবার সাথে মনোমালিন্য হয় নাহিদের। মাদ্রাসার একটি সাধারণ বিষয় নিয়ে বাবা বকাঝকা করায় অভিমান করে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সরাসরি কলাপাড়া লঞ্চঘাট থেকে ঢাকাগামী একটি লঞ্চে উঠে পড়ে সে।
লঞ্চে বসেই বালিয়াতলী এলাকার সমবয়সী অপর এক শিশুর সাথে তার পরিচয় হয়, যে কিনা নিজেও পরিবার থেকে পালিয়ে ঢাকা যাচ্ছিল। লঞ্চে দুজনে একসাথে সময় কাটায় এবং ওই নতুন বন্ধুর টাকায় কেনা রুটি ও কলা খেয়ে রাত পার করে। পরদিন লঞ্চটি সদরঘাট পৌঁছানোর পর তারা সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এবং পুনরায় একই লঞ্চে চড়ে কলাপাড়ার উদ্দেশে রওনা দেয়।
এদিকে সন্তান নিখোঁজের সংবাদে গত ৪৮ ঘণ্টা ধরে নাহিদের পরিবারে নেমে আসে শোকের মাতম। সন্তানকে হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েন মা, আর গুমড়ে কেঁদেছেন বাবা। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা হন্যে হয়ে তাকে খুঁজতে শুরু করেন। বিভিন্ন গণমাধ্যমে নিখোঁজ সংবাদ প্রচারের পাশাপাশি পুরো উপজেলায় মাইকিংও করা হয়।
অবশেষে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা থেকে ফিরে আসা লঞ্চে কলাপাড়া লঞ্চঘাট এলাকায় তাকে খুঁজে পান তার বড় চাচা হাচন মল্লিক।
নিখোঁজ ভাতিজাকে সুস্থভাবে ফিরে পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন চাচা হাচন মল্লিক। পাশাপাশি এই দুঃসময়ে নাহিদকে খুঁজে পেতে যে সকল গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিবেশীরা সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।







