মির্জাগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার পর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। নতুন এই কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল ও অভিনন্দন র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকা এবং কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতাদের ছবি সংবলিত ‘‘প্রাণঢালা অভিনন্দন’’ লেখা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন শোভা পায়।
মিছিলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
আনন্দ মিছিলে নবনির্বাচিত উপজেলা যুবদলের সভাপতি গাজী রাশেদ সামস, সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহীন হাদী ও দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন জুয়েল মৃধাসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন পর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। এই নেতৃত্বের মাধ্যমে মির্জাগঞ্জে যুবদল আরও বেশি সুসংগঠিত ও শক্তিশালী হবে। বক্তারা আগামী দিনে দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি নির্দেশনা বাস্তবায়নে এবং দলের স্বার্থে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।







