মির্জাগঞ্জ প্রতিনিধি : ‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সি ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিবুর রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি।
আলোচনা সভায় বক্তারা বলেন, “সাক্ষরতা কেবল অক্ষরজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি জাতির সার্বিক উন্নয়ন, পরিবেশ সচেতনতা ও টেকসই সমৃদ্ধির মূল ভিত্তি।” নিরক্ষরতা দূরীকরণে সরকারি-বেসরকারি নানা উদ্যোগের পাশাপাশি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তাঁরা সবার প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও শেখ মো. রাসেল বলেন, একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি নাগরিককে শিক্ষিত ও দক্ষ করে তোলার বিকল্প নেই। ঝরে পড়া শিশু ও বয়স্কদের সাক্ষরতার আওতায় এনে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপানুষ্ঠানিক শিক্ষার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।







