দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধীনস্থ সৃজনী বিদ্যানিকেতনে (পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খান। ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জায়েদ বিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, গভর্নিং বডির সভাপতি অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন এবং সৃজনী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. আবদুল কুদ্দুস। এছাড়া শিক্ষকদের পক্ষ থেকে সিনিয়র শিক্ষিকা পারভীন নাহার এবং শিক্ষার্থীদের মধ্য থেকে দ্বাদশ শ্রেণির সানজিদা আক্তার ও নবীনদের পক্ষে একাদশ শ্রেণির তনুশ্রী রায় বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘আজকের দিনটি তোমাদের জীবনের এক স্মরণীয় মুহূর্ত। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তোমরা উচ্চমাধ্যমিকের নতুন আঙিনায় পা রেখেছ। এই ক্যাম্পাস কেবল ইট-কাঠের দালান নয়, এটি তোমাদের স্বপ্ন গড়ার কারিগর। পবিপ্রবি’র মতো একটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছায়াতলে পড়াশোনার সুযোগ পাওয়া অত্যন্ত গৌরব ও সৌভাগ্যের।’’
তিনি আরও বলেন, ‘‘উচ্চমাধ্যমিকের এই দুই বছর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে তোমরা কীভাবে কাজে লাগাচ্ছ, তার ওপরই নির্ভর করবে তোমাদের ভবিষ্যৎ সাফল্য। বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এই চ্যালেঞ্জিং সময়ে টিকে থাকতে হলে পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিতে নিজেদের দক্ষ করে তুলতে হবে।’’
অনুষ্ঠানের শুরুতে উপাচার্য একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
এদিকে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আগে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ পবিপ্রবি ইউনিটের কার্যালয় পরিদর্শন করেন এবং নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান ও বাঁধনের সাবেক সাধারণ সম্পাদক শাহ তৈমুর রহমান তামিম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাঁধন পবিপ্রবি ইউনিটের সভাপতি মো. নজরুল ইসলাম সংগঠনের সার্বিক কার্যক্রম ও মানবিক উদ্যোগগুলো উপাচার্যের কাছে তুলে ধরেন। উপাচার্য বাঁধনের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক সহযোগিতা বজায় রাখবে বলে আশ্বাস দেন।







