গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য (মেম্বার) ও প্রশাসকদের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজার মোঃ ইজাজুল হক।
মতবিনিময় সভায় মাঠপর্যায়ের জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার উন্নয়নমূলক কার্যক্রমের স্থবিরতা, প্রশাসনিক ও সামাজিক নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। ৫ আগস্ট-পরবর্তী প্রেক্ষাপটে চরম সামাজিক মর্যাদা হারানোর ক্ষোভ প্রকাশ করেন একাধিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তারা জানান, বর্তমানে মাঠপর্যায়ে স্বাভাবিক কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং তারা কাঙ্ক্ষিত সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন।
একই সভায় পরিষদগুলোর সংরক্ষিত নারী সদস্যরা তীব্র বৈষম্যের অভিযোগ তোলেন। তারা জানান, একেকজন নারী সদস্যকে তিনটি করে ওয়ার্ডের দায়িত্ব পালন করতে হলেও তারা পুরুষ সদস্য ও ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্য সম্মান এবং ন্যায্য উন্নয়ন বরাদ্দ পাচ্ছেন না। এই বৈষম্য নিরসনে তারা প্রতিমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে, পুরুষ সদস্যরা নিজ নিজ এলাকার সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক অবকাঠামোগত বেহাল দশার চিত্র তুলে ধরেন। একই সাথে স্থানীয় প্রশাসনের কাছে যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের জোর দাবি জানান তারা।
জনপ্রতিনিধিদের সব অভাব-অভিযোগ ও দাবির কথা মনোযোগ দিয়ে শেনেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি ধাপে ধাপে এসব সমস্যার সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন এবং দল-মত নির্বিশেষে সবাইকে একসাথে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি হাফিজ মাস্টার, বিএনপি ও গণঅধিকার পরিষদের স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।







