গলাচিপা প্রতিনিধি : দেশের চলমান সন্ত্রাসের বিরুদ্ধে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে রুখে দাঁড়াবার জোর আহ্বান জানিয়ে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি সোচ্চার বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে এসে একটি সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলতাফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান, পৌর বিএনপির আহবায়ক মো. রফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান নেছার রাড়ী, আব্দুস সোবাহান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, সাবেক যুগ্ম আহবায়ক মো. রব মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. রাকিব খন্দকার, সাবেক যুগ্ম আহবায়ক মো. আহসান ইমরান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা রক্ষায় যে কোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে বিএনপির আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন নেতৃবৃন্দ।







