‘‘শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় করি”—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শহরের বনানী মোড়ে বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
জেলা মহিলা পরিষদের সভাপতি শিরিন নাহারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রাশিদা বেগম, সাধারণ সম্পাদক মোর্শেদা ইয়াসমিন, আন্দোলন সম্পাদক মাহফুজা ইসলাম, প্রচার সম্পাদক তাপসী কর্মকার এবং সাংগঠনিক সম্পাদক সাবরিনা শাহনাজ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আসন্ন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হতে পারে, সেই লক্ষ্যে দেশব্যাপী একই সময়ে মহিলা পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীতেও আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক খাদিজা সুলতানা, সদস্য শোভা রানীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।







