কলাপাড়া প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু এবং কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত পৃথক নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। একই দিন থেকে এই আদেশ কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গত ২২ সেপ্টেম্বর মানিব্যাগ চুরির অপবাদে জিসান (১২) নামের এক শিশু ও তার মা নাজমা বেগমকে (৩৫) বেত্রাঘাত করার অভিযোগ ওঠে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
অন্যদিকে, বিচারাধীন ও আদালতে নিষেধাজ্ঞা বহাল থাকা একটি জমি সংক্রান্ত বিরোধে এক পক্ষকে কাগজপত্র, সাক্ষী ও প্রমাণাদিসহ কুয়াকাটা পৌর বিএনপির কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি। নোটিশে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ে উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতেই জমির বিষয়ে রায় দেওয়া হবে। এমন বিচারিক কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপি তাকে প্রথমে শোকজ এবং পরবর্তীতে পদ স্থগিত করে।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের ভাবমূর্তি রক্ষা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থগিতাদেশ প্রাপ্তরা এখন থেকে দলের কোনো ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন না।
এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি বলেন, ‘‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের পদ স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে দলের কোনো নেতাকর্মী দলীয় শৃঙ্খলা কিংবা সমাজবিরোধী কাজে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও একইভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’’







