গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর উপকূলীয় উপজেলা গলাচিপায় ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. গোলাম মোস্তফা, সদস্যসচিব আলতাফ হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইখতিয়ার কবির, গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান এবং সাবেক সদস্যসচিব মো. জাকির হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে উপকূলীয় উপজেলা গলাচিপা প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও অতিবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। এসব দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে সরকারি পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা, পারিবারিক পূর্বপ্রস্তুতি ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।
বক্তারা দুর্যোগের আগাম বার্তা দ্রুত সময়ের মধ্যে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া, আশ্রয়কেন্দ্রগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা অগ্রাধিকার দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। দুর্যোগ মোকাবিলায় প্রশাসন, রাজনৈতিক প্রতিনিধি, গণমাধ্যম ও সাধারণ জনগণকে একযোগে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।







