পটুয়াখালীর বাউফলের ঐতিহ্যবাহী বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: মাহফুজুর রহমান সবুজসহ অন্যান্য সদস্যদের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খায়রুল আলম সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাউফল পৌর বিএনপির সভাপতি মো: হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস, জাসাস পটুয়াখালী জেলা শাখার যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ইমতিয়াজ রসুল পান্নু, সূর্যমনি ইউনিয়ন বিএনপি সভাপতি মো: মনিরুজ্জামান, কালিশুরি ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সদস্য আরিফুর রহমান, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, অভিভাবক মো: নুরুল ইসলাম এবং বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়াজ হোসাইন খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুহা: আবদুল মান্নান, মো: আমিনুল ইসলাম বাবুল এবং শিক্ষার্থীদের পক্ষে নাফিজা ইসলাম, আনিলা তাহসিন ও আব্দুল্লাহ আল মারজান।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিদের ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
সংবর্ধনার জবাবে নবনির্বাচিত সভাপতি মাহফুজুর রহমান সবুজ বলেন, ‘‘বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, তা আমি সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহিতার সাথে পালন করব। শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের মাধ্যম নয়; শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড এবং আলোকিত মানুষ গড়ার কারিগর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষা ও উন্নয়ন দর্শনকে বুকে ধারণ করে এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে একটি আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।’’
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু বলেন, ‘‘শিক্ষাই একটি জাতির উন্নতি ও অগ্রগতির প্রধান ভিত্তি এবং সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। একটি শিক্ষা প্রতিষ্ঠানের একক উন্নয়ন পরিচালনা কমিটির পক্ষে সম্ভব নয়; এজন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’’ একই সাথে তিনি বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন ও অগ্রগতিতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান এবং প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান বক্তা মো: হুমায়ুন কবির বলেন, ‘‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের অন্যতম চালিকাশক্তি। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পরিচালনা কমিটি ও শিক্ষকদের মধ্যে সুষ্ঠু সমন্বয় জরুরি।’’
বিশেষ অতিথি আনিসুর রহমান আনিস বলেন, ‘‘একটি সুন্দর আগামী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে শিক্ষার্থীরাই অনন্য ভূমিকা পালন করতে পারে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ সুন্দর করা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে নবনিযুক্ত কমিটি, শিক্ষক ও অভিভাবকদের একযোগে কাজ করতে হবে।’’ তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।







