‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে মহাসমারোহে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহাসীন উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা ও সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু, জেলা জামায়াতের আমির নাজমুল আহসান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিকরা।
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানে উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আধুনিক ‘স্মার্ট কেন’ (সাদাছড়ি) ডিভাইস বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাদাছড়ির গুরুত্ব অপরিসীম। শুধু সহমর্মিতা নয়, তাদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে সমান সুযোগ তৈরি করে দিতে হবে। প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও উল্লেখ করেন, প্রতিবন্ধিতা কখনো মানুষের সম্ভাবনাকে দমিয়ে রাখতে পারে না। উপযুক্ত পরিবেশ ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরাও দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।







