মোঃ খলিলুর রহমান, বাউফল: পটুয়াখালীর বাউফলে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন বাউফল-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর পরিদর্শনে যান এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ।
পরিদর্শন শেষে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ১টি বসতঘরের মালিকের প্রত্যেকের হাতে ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা তুলে দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠান ও এক বসতঘরের মালিকদের প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া প্রত্যেককে দুই বান টিন এবং প্রতিটি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেন।
ক্ষতিগ্রস্তদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ক্ষতির তুলনায় আমাদের এই প্রচেষ্টা খুবই সামান্য। তারপরও সান্ত্বনার অংশ হিসেবে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের যেকোনো সমস্যায় পাশে থাকব।”
তিনি আরও বলেন, “আমরা কাউকে দল-মত দেখে সহযোগিতা করি না। এখানে হিন্দু ভাইয়ের দোকান আছে, মুসলিম ভাইয়ের দোকান আছে, অন্য দলের ভাইদের দোকানও আছে। কিন্তু তারা ক্ষতিগ্রস্ত—এটাই আমাদের কাছে মূল বিবেচ্য বিষয়।”
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে তারা যখন চরম অনিশ্চয়তায় ছিলেন, তখন জনপ্রতিনিধির এই সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি ও সামাজিক সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন, বগা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক মুজাহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।







