পটুয়াখালী পৌর শহরে অভিযান চালিয়ে ১০ পুরিয়া হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দক্ষিণ সবুজবাগ (খালপাড়) এলাকার বাসিন্দা মো. হাসান বিশ্বাস (৩০) ও মো. জাহিদুল ইসলাম রনি (২৪)। তারা দুজনই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সবুজবাগ এলাকায় পটুয়াখালী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে ইউনুচ বিশ্বাসের গ্যারেজসংলগ্ন পাকা সড়কে একটি অভিযান চালানো হয়। এ সময় হাসান ও রনিকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।







