উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রাসহ চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকেই পায়রা সমুদ্র বন্দর উপকূল এলাকায় ছিল পরিবর্তনশীল আবহাওয়া। কোথাও ছিল মেঘাচ্ছন্ন আকাশ, আবার কোথাও দেখা মিলেছে রোদের। সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও পরে থেমে যায়। নদ-নদী স্বাভাবিক থাকলেও গভীর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রাসহ চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।







