“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও কৃতি সমবায়ীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পটুয়াখালীর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পটুয়াখালীর উপপরিচালক হাসানুল হক মোল্লা। পরে পল্লী উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে বিআরডিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধারা আরও বেগবান করতে সরকারি-বেসরকারি সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে পল্লী উন্নয়ন ও সমবায় খাতে বিশেষ অবদান রাখায় নির্বাচিত সমবায়ীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।







