রাঙ্গাবালী প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের পুরান বাজার সংলগ্ন এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ লাল মিয়া নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ।
সোমবার (৬ জুলাই) দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার লাল মিয়া পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের পানখালী গ্রামের আব্দু রফ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, লাল মিয়া দীর্ঘদিন ধরে একটি মাদক চক্রের সক্রিয় সদস্য হিসেবে রাঙ্গাবালী ও আশপাশের চরাঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিলেন। তিনি পুলিশের কাছে চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত ছিলেন।
চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. বেল্লাল হোসেন বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ লাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতের মাধ্যমে পাঠানো হবে। এ মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’’
পুলিশ জানিয়েছে, চরাঞ্চলে মাদক কারবার নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।







