মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান এবং দেশব্যাপী বৃক্ষরোপণ অনুষ্ঠান উদ্বোধনের অংশ হিসেবে পূর্ব সুবিদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: রাসেল মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মুজিবুর রহমান এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ব সুবিদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট মো: মজিবর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জিয়াউর রহমান, সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ শেষে অতিথিবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই সবুজ বিপ্লবের ডাক পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অত্যন্ত সময়োপযোগী। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ-শ্যামল করে তুলতে এই চারা রোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে রোপণকৃত গাছগুলোর নিয়মিত পরিচর্যার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।







