সমাজসেবামূলক সংগঠন আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন পটুয়াখালী শাখার উদ্যোগে পটুয়াখালীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, ফলজ ও ঔষধি গাছের চারা এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বেলা ১১টায় স্থানীয় পিটিআই রোডে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন পটুয়াখালী শাখার সভাপতি মোরশেদা বেগম-এর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মাকসুদুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিনিয়র সহকারী কমিশনার) আবদুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. মো. রুহুল আমিন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল কাশেম, অ্যাডভোকেট এ, কে, এম আজিজুল হক, এবং প্রভাষক খাদিজা ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সমাজেরই অংশ। আমাদের সকলের উচিত তাদের পাশে দাড়ানো এবং সহায়তা করা। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করায় আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং সংগঠনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন পটুয়াখালী শাখার অন্যান্য নেতৃবৃন্দ, সুবিধাভোগী ও তাদের আত্মীয়-স্বজন এবং গনমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন এ,কে,এম নূর উদ্দিন এবং মোঃ শাহীন মিয়া।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা ৬ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে ৬টি হুইলচেয়ার, আর্থিক সহায়তা এবং পরিবেশ সুরক্ষায় বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন।







