বাউফল প্রতিনিধি : বাউফল-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম রুহুল আমিন ইঞ্জিনিয়ারের ছোট ভাই ডা. নাসির উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ জুলাই) এশার নামাজের পরে তার নিজ গ্রাম কায়নার বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
জানাজাপূর্ব এক আলোচনা সভায় বক্তারা মরহুমের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বলেন, ডা. নাসির উদ্দিন একজন সৎ, ধার্মিক ও মানবিক মানুষ হিসেবে এলাকায় অত্যন্ত সুপরিচিত ছিলেন। তাঁর পরোপকারী মনোভাব এবং সাধারণ মানুষের প্রতি আন্তরিক ভালোবাসার কারণে তিনি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন— মরহুমের ভাগ্নে ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস, সাবেক এমপি রুহুল আমিন ইঞ্জিনিয়ারের জ্যেষ্ঠ পুত্র ও ইস্টার্ন ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন মো. মেহেদী হাসান শোভন, আলহাজ্ব কারী মো. আফসার হোসেন এবং হাফেজ মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।







