দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত লেভেল-১, সেমিস্টার-১-এ ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং নবনিযুক্ত রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা বিদ্যালয় ও কলেজের গণ্ডি অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের মুক্তবুদ্ধি চর্চার অঙ্গনে প্রবেশ করেছ। বিশ্ববিদ্যালয় জীবন শুধু একটি ডিগ্রি বা সনদ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি জ্ঞান অন্বেষণ, যুক্তিবাদী চিন্তার বিকাশ, কুসংস্কারমুক্ত মনন গঠন এবং সত্য অনুসন্ধানের এক অনন্য ক্ষেত্র।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের জন্য একটি ছাত্রবান্ধব পরিবেশ সৃষ্টি করতে আমরা বদ্ধপরিকর। ইতোমধ্যে শিক্ষার্থীদের বাস ভাড়া ফ্রি করা হয়েছে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছি, যা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেবে। এ ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে এবং এখানে কোনো র্যাগিংয়ের স্থান নেই। সময়ানুবর্তিতা, নিয়মিত ক্লাসে উপস্থিতি, গ্রন্থাগারের কার্যকর ব্যবহার এবং শিক্ষকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক একজন শিক্ষার্থীর সফলতার মূল ভিত্তি।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সোহেল রানা জনি, তন্ময়, সুবর্ণা নুরজাহান জিনিয়া, আখলাক আলম, শেখ আরিফুল ইসলাম ও জান্নাতুল আফসোরা। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় আনন্দ প্রকাশ করেন এবং আধুনিক ও গবেষণানির্ভর শিক্ষার মাধ্যমে নিজেদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসেবে বরণ করে নেন। প্রাণবন্ত এই আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠান শেষে ‘‘একজন শিক্ষার্থী একটি গাছ, একটি সবুজ ভবিষ্যৎ’’—এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক অভিভাবকের হাতে একটি করে গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।







