দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীতে সাঁতরে পার হওয়ার সময় পানিতে ডুবে এক অজ্ঞাত যুবক (আনুমানিক বয়স ৩০) নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া গ্রামের কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক নদীর অপর প্রান্ত থেকে সাঁতরে এইপাড়ে আসার চেষ্টা করছিলেন। কিন্তু নদীর মাঝামঝি পৌঁছানোর পর হঠাৎ করেই তিনি পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।
ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে দ্রুত দশমিনা ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও দশমিনা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, ‘‘স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী নদীর মাঝপথে ডুবে যাওয়া ওই যুবককে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টরা সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। বর্তমানে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।’’
দশমিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদৌস বলেন, ‘‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজ পরিচালনা করছে। নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে নদীতে তল্লাশি চলছে।’’
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি ও উদ্ধারকারী দল নদীর বিভিন্ন পয়েন্টে সন্ধান চালিয়ে যাচ্ছে।







