দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজয়-২৪ হলের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, গত বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বিজয়-২৪ হলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (নবীন) শিক্ষার্থীদের ওপর র্যাগিংয়ের এই ঘটনা ঘটে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসলে উপাচার্যের অনুমোদনক্রমে দ্রুত এই তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিতে বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং সহকারী প্রক্টর মো. আব্দুর রহিম এবং ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিজয়-২৪ হলের সহকারী হল প্রভোস্ট মো. ফয়সাল। এছাড়া পোষ্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিজয়-২৪ হলের সহকারী হল প্রভোস্ট মো. নজরুল ইসলামকে সদস্য-সচিব করা হয়েছে।
তদন্ত কমিটিকে র্যাগিংয়ের ঘটনার কারণ উদঘাটন, জড়িতদের চিহ্নিতকরণ, অপরাধের মাত্রা নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় বিষয়ে সুপারিশ ও সুস্পষ্ট মতামত দিতে বলা হয়েছে।
আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর অনুমোদনক্রমে এ অফিস আদেশ জারি করা হয়েছে।







