কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশে প্রথমবারের মতো জেলা প্রশাসকের নিজ উদ্যোগে উদ্ধারকৃত বন্যপ্রাণীর পরিচর্যা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য নির্মিত ‘অ্যানিমেল শেড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) শেষ বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ‘অ্যানিমেল শেড’-এর ফলক উন্মোচন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মনিরুজ্জামান, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু এবং সামাজিক সংগঠন ‘অ্যানিমেল লাভার অব পটুয়াখালী’র সদস্য মোহাম্মদ বাইজীদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘‘স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার’-এর কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তাদের কাজের সুবিধার্থেই জেলা প্রশাসকের উদ্যোগে এ চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। বিষধর সাপ ও হিংস্র প্রাণী উদ্ধারে আধুনিক সরঞ্জামের প্রয়োজনীয়তা তারা জানালে, জেলা প্রশাসন তা গুরুত্বের সাথে বিবেচনা করবে। প্রাণীকুল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে—জেলা প্রশাসন সর্বদাই তাদের পাশে থাকবে।’’







