কলাপাড়া প্রতিনিধি : ‘‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে কলাপাড়ায় পোনামাছ অবমুক্তকরণ এবং এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা দরবার হলে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ, মৎস্যবিদ কাজী বেল্লাল, উপজেলা প্রেসক্লাবের সদস্য রাসেল মোল্লা এবং মৎস্য খামারি রিয়াজ তালুকদার।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক জেলে ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলার মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩ জন শ্রেষ্ঠ মৎস্যচাষির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।







