দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে গাঁজা সেবনরত অবস্থায় মো. হাবিব হাওলাদার (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত/বিজ্ঞ আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৭ সেপ্টেম্বর) দুমকি থানার উপপরিদর্শক (এসআই) সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুরাদিয়া এলাকার আমির হোসেনের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে স্থানীয় জনতার সহায়তায় হাবিবকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি চালিয়ে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত হাবিব হাওলাদার উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে।
উদ্ধারকৃত আলামত ও নিজ হেফাজতে অবৈধ মাদক রাখার দায়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৬ ধারায় অপরাধ এনে সংক্ষিপ্ত বিচারের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিচারক শুনানি শেষে আসামী হাবিব হাওলাদারকে ৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড এবং ১,০০০ (এক হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ (পনেরো) দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।







