কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটার ফাঁসিপাড়ায় ভুয়া ওয়ারিশ বানিয়ে জমি বিক্রি এবং জোরপূর্বক দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নুরুল ইসলাম শরীফ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব লিখিত অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নুরুল ইসলাম শরীফ জানান, তার বাবা প্রয়াত দলিল উদ্দিন শরীফের তিন স্ত্রী ছিলেন এবং তাদের প্রত্যেকেরই আলাদা সংসার ও সন্তান রয়েছে। কুয়াকাটার ফাঁসিপাড়া গ্রামে দুই স্ত্রী বসবাস করলেও অপর স্ত্রী ছফুরা বেগম বগুড়ায় থাকতেন। সেখানে ছফুরা বেগমের পক্ষে ইসমাইল ও মরিয়ম নামে দুই সন্তান রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ‘‘আমার বাবা বগুড়া থেকে কুয়াকাটায় পৈত্রিক ভিটায় ফিরে আসতে চাইলে সৎ মা অনিহা প্রকাশ করেন। পরবর্তীতে বাবা বগুড়ার বাড়ি ও জমিজমা সেই স্ত্রী ও দুই সন্তানের নামে লিখে দিয়ে পৈত্রিক ভিটায় চলে আসেন। বাবা কুয়াকাটায় চলে আসার পর সৎ মা ছফুরা বেগম অন্য জায়গায় বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং সেই ঘরেও তার দুই সন্তান জন্ম নেয়—যা বাবার জীবিত থাকা অবস্থাতেই ঘটেছিল।’’
তিনি আরও জানান, ১৯৯৬ সালে তার বাবা মারা যান। এর দুই বছর পর ১৯৯৮ সালে কুয়াকাটায় অবস্থানরত তার আরেক সৎ ভাইয়ের ছেলে জালাল শরীফ গোপনে বগুড়ায় থাকা দুই ভাই-বোন ও সৎ মায়ের কাছ থেকে সাব-কবলা দলিলের মাধ্যমে সম্পত্তি কিনে নেন (এসএ খতিয়ান ৮৩১ ও ৪০৩১; দাগ নং ৪১৯৫, ৪১৯৬ ও ৪২১৬)।
নুরুল ইসলাম শরীফের দাবি, ‘‘বাবা জীবিত থাকা অবস্থায় যিনি অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, আইনগতভাবে তিনি আর আমার বাবার স্ত্রী থাকেন না। কিন্তু ওই দলিলে সৎ মা মিথ্যার আশ্রয় নিয়ে ভুয়া ওয়ারিশ সেজে ১৪ কড়া জমি বিক্রি করেছেন। এতে আমাদের পরিবারের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছে এবং পারিবারিক বন্ধন ছিন্ন হয়েছে।’’
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ভাতিজা জালাল শরীফ অসৎ উদ্দেশ্যে ভুয়া ওয়ারিশ বানিয়ে জমি কিনে জোরপূর্বক ভোগদখল করে আসছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিস-বৈঠক হলেও জমি ফেরত না দিয়ে উল্টো মামলা-হামলার ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এছাড়া জালাল শরীফের বিরুদ্ধে মসজিদের জমি আত্মসাতেরও নানা অভিযোগ তুলেন তিনি।
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবার তাদের পৈতৃক সম্পত্তির প্রকৃত মালিকানা ও আইনগত অধিকার সঠিকভাবে নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা কামনা করেছেন।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনের সঞ্চালনায় উক্ত সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম শরীফের ছোট ভাই নজরুল শরীফ, পরিবারের সদস্য এবং স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







