দুমকি প্রতিনিধি : নাশকতাসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ও নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এবং নাশকতা কার্যক্রমে উস্কানি দেওয়ার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ৮ জন শিক্ষক ও কর্মকর্তাকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই নোটিশ জারি করা হয়। নোটিশে অভিযুক্তদের এই আচরণকে ‘‘গুরুদণ্ডমূলক অপরাধ’’ হিসেবে উল্লেখ করা হয়েছে। কেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
অভিযুক্তরা হলেন- প্রফেসর ড. মো: জুয়েল হাওলাদার, ডেপুটি রেজিস্ট্রার নাঈম কাওসার, তানজিলুর রহমান, মো: ওয়াজ কুরনি, ফিরোজ আলম, সহকারী রেজিস্ট্রার আসমা আক্তার সেতু, মোঃ শামীম খান ও সাময়িক বরখাস্তকৃত সেকশন অফিসার আরিফুর রহমান পিয়েল।
নোটিশে উল্লেখ করা হয়, অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানবিরোধী অবস্থান গ্রহণ এবং বিগত সরকারের মেয়াদে বিভিন্ন অপকর্ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে ইতোমধ্যে তদন্ত চলমান রয়েছে। উক্ত তদন্ত শেষ হওয়ার আগেই তারা পুনরায় নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা চালিয়ে এ ধরনের গুরুতর অপরাধ সংঘটিত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি, অনিয়ম এবং কোনো প্রকার বিশৃঙ্খলার সাথে জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন অঙ্গীকারাবদ্ধ।







