গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী মা-মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) উপজেলার বাউরিয়া শ্রীশ্রী নাগমাতা সেবাশ্রমে ২৩তম বারের মতো এ পূজার আয়োজন করা হয়। পূজাকে কেন্দ্র করে দিনভর মন্দির প্রাঙ্গণে দূর-দূরান্ত থেকে আসা হাজারো ভক্ত ও পুণ্যার্থীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
সকালে বেদমন্ত্রোচ্চারণ, বিশেষ পূজা-অর্চনা, আরতি ও প্রার্থনাসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্তরা মা-মনসার সন্তুষ্টি ও পরিবারের কল্যাণ কামনায় দুধ, কলা, সরা ও ঘটসহ নানা উপাচার নিবেদন করেন।
দীর্ঘদিনের এ ধারা সম্পর্কে শ্রীশ্রী নাগমাতা সেবাশ্রমের সেবক ও সাধক আচার্য শ্রী গোবিন্দ গোস্বামী বলেন, ‘‘সুদীর্ঘ ২৩ বছর ধরে এই সেবাশ্রমে মা-মনসার পূজা পালিত হয়ে আসছে। মানসিক শান্তি, সাংসারিক সংকট থেকে মুক্তি ও মনোবাসনা পূরণের আশায় প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে মানত করতে আসেন। এবারও ভক্তদের সমাগম ছিল নজরকাড়া।’’
উল্লেখ্য, সনাতন লোকজ সংস্কৃতিতে মা-মনসা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবী হিসেবে পূজিত। সাধারণত সর্পদংশন থেকে রক্ষা, রোগ-শোক দূরীকরণ এবং পরিবারে সমৃদ্ধি আনার লক্ষে শ্রাবণ মাসের নাগপঞ্চমীতে তাঁর পূজা করা হয়। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের বিখ্যাত ‘মনসামঙ্গল’ কাব্যে চাঁদ সওদাগর, বেহুলা ও লখিন্দরের যে অমর উপাখ্যান রয়েছে, তার কেন্দ্রবিন্দুতেও রয়েছেন এই দেবী মা-মনসা।







