গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের সুতাবাড়িয়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায় ৬টি সন্দেহভাজন চোরাই মহিষ আটক করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এলাকার বিভিন্ন স্থানে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখে মহিষগুলোকে এলাকাবাসী উদ্ধার করে নিজেদের জিম্মায় নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মহিষগুলোর সাথে থাকা এক ব্যক্তি জনতার উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে এখন পর্যন্ত উদ্ধার হওয়া মহিষগুলোর প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি।
এলাকাবাসীর প্রাথমিক ধারণা, মহিষগুলো অন্য কোনো এলাকা থেকে চুরি করে এনে বিক্রির উদ্দেশ্যে বা লুকিয়ে রাখার জন্য ওই স্থানে নিয়ে আসা হয়েছিল। তবে তদন্ত সাপেক্ষেই মহিষগুলোর আসল উৎস ও প্রকৃত মালিকের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এদিকে উদ্ধারকৃত মহিষগুলোর সঠিক মালিককে খুঁজে বের করতে জনসচেতনতামূলক উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি কারও মহিষ হারিয়ে গিয়ে থাকলে বা এই ৬টি মহিষের মালিকানা সম্পর্কিত কোনো তথ্য কারো জানা থাকলে, অতি দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। একই সাথে প্রকৃত মালিকের সন্ধান পেতে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি বেশি শেয়ার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।







