পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী আবুল কাসেম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহ আলম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২২ আগস্ট) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রবীণ এই শিক্ষাবিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং হাজারো আলোকিত মানুষ গড়তে অনন্য ভূমিকা পালন করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মো: আনোয়ার হোসেন। এক শোকবার্তায় তিনি বলেন, ‘‘শাহ আলম স্যার ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও শিক্ষার আলোকবর্তিকা। এলাকায় শিক্ষার বিস্তার ও শিক্ষার্থী গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণে সমাজ একজন আদর্শ গুণী মানুষকে হারাল।’’
জেলা প্রেসক্লাবের সভাপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।







