দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় খালের পানিতে ক্ষতিকর কীটনাশক প্রয়োগ করে মাছ শিকারের সময় মো. আল আমিন (৩৫) নামের এক জেলেকে আটক করেছে বন বিভাগ।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চরহায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন বন বিভাগের একটি খালে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত আল আমিন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমবাড়িয়া গ্রামের মো. আব্দুর রহিম শিকদারের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে মাছ ধরার একটি ট্রলার ও বিষাক্ত কীটনাশকের একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন খাল-বিল ও জলাশয়ে অসাধু চক্র রাতের আঁধারে বা সুযোগ বুঝে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে মাছ শিকার করে আসছে। এতে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি নানা প্রজাতির জলজ প্রাণী ও সামগ্রিক জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়ছে।
শনিবার বিকেলে বিষ প্রয়োগের খবর পেয়ে চরহায়দার ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে বন বিভাগের একটি দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত ট্রলার ও কীটনাশকের বোতলসহ আটক জেলেকে ওই রাতেই দশমিনা থানা হেফাজতে সোপর্দ করা হয়।
চরহায়দার ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা মো. ইলিয়াস হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলা রুজু করে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পরিবেশ ও জলজ সম্পদ রক্ষায় বন বিভাগের আওতাধীন জলাশয়ে এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







