বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলের নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ চরে খাদ্যের সঙ্গে বিষ প্রয়োগে অসহায় কৃষকদের তিনটি মহিষ মারা গেছে। এ ঘটনায় বিষক্রিয়ায় অসুস্থ অবস্থায় রয়েছে আরও অন্তত ৩০টি মহিষ, যা নিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় হতদরিদ্র কৃষকেরা।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরাঞ্চলের মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো চরের মাঠে মহিষ চড়ানোর পর সন্ধ্যার দিকে মহিষগুলো গোয়ালঘরে ফেরে। সেখানে খাবার গ্রহণের পরপরই আকস্মিক অসুস্থ হয়ে পড়ে বাবুল মৃধা, সুমন মাঝি, আসাদুল ফকির, চান্দু খান, বশির ফকির, মিরাজ ফকিরসহ ১২ জন কৃষকের প্রায় ত্রিশটিরও বেশি মহিষ। এর কিছুক্ষণ পরেই তিনটি মহিষের মৃত্যু হয় এবং বাকি অসুস্থ মহিষগুলোর অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা. শুভেন্দু সরকার দ্রুত ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন এবং মহিষগুলোর শরীরে বিষক্রিয়ার প্রাথমিক সত্যতা নিশ্চিত করেন।
সম্প্রতি চন্দ্রদ্বীপে মহিষের পাল কর্তৃক মাছ ধরার চাই ভাঙাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক বিরোধ ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছিল। মাঠের ঘাসে এমন নৃশংসভাবে বিষ প্রয়োগের নেপথ্য কারণ খতিয়ে দেখছেন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, প্রাণিসম্পদ কর্মকর্তার পরিদর্শন ও বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করার প্রেক্ষিতে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।







