দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। তবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির দুটি পক্ষ পৃথক ও পাল্টাপাল্টি কর্মসূচি পালন করায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সাবেক কেন্দ্রীয় বিএনপি নেতা হাসান মামুন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা ও সদস্য সচিব শাহ আলম শানু সমর্থিত বলয় পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করে।
সকাল ১১টায় হাসান মামুনের অনুসারীরা উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করেন। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে একটি সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট খোরশেদ আলম, ফখরুজ্জামান বাদল, ওফাব চৌধুরী, রুহুল আমীন মোল্লা এবং মাসুদুর রহমান পঞ্চায়েতসহ স্থানীয় শীর্ষ নেতারা।
অপরদিকে, বিকেল ৩টায় নলখোলা বিএনপি কার্যালয় থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা ও সদস্য সচিব শাহ আলম শানুর নেতৃত্বে একটি পৃথক শোভাযাত্রা বের হয়। সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে গিয়ে তাদের সমাবেশটি অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন আহ্বায়ক সিদ্দিক আহমেদ মোল্লা, সদস্য সচিব শাহ আলম শানু, যুবদলের সাবেক সদস্য সচিব শামীম খান, কৃষক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ছাত্রদলের আহ্বায়ক আবুল বশার ও সদস্য সচিব গাজী সালাহউদ্দিন প্রমুখ।
পৃথক কর্মসূচি ঘিরে শহরের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত ও থমথমে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুই দলের সভা-সমাবেশ শেষ হয়।
সার্বিক বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, পুলিশের কড়া নজরদারির কারণে উভয় পক্ষের মিছিল ও সমাবেশ অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তাৎক্ষণিকভাবে কোনো গোলযোগের আশঙ্কা নেই।
