বাংলাদেশে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) আয়োজনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী কোডেক ট্রেনিং সেন্টারে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়ার চিত্র তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হিসেবে তিনি উন্নত দেশগুলোর ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ‘‘প্রকৃতির ওপর যে অন্যায় ও অত্যাচার করা হচ্ছে, সেটির দায়ভার অনুধাবন করে তা নিরসনে সংশ্লিষ্টদের কাজ করতে হবে।’’
তিনি সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের ওপর জোর দিয়ে বলেন, বর্তমান যুগ তথ্য ও উপাত্তের যুগ। গণমাধ্যমে সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ভুল তথ্য ও অপতথ্য রোধ করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে একটি শক্তিশালী গণমাধ্যম গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পাশাপাশি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগের প্রকোপ বাড়ছে। তিনি লস অ্যান্ড ড্যামেজ (ক্ষতি ও ক্ষয়ক্ষতি) প্রশমনে উপকূলীয় অঞ্চলের বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষায় সাংবাদিকদের গঠনমূলক লেখনীর ওপর জোর দেন।
প্রকল্প পরিচালক ড. মারুফ নেওয়াজ জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যমের সক্রিয় সম্পৃক্ততার আহ্বান জানান। তিনি জলবায়ু বিষয়ক কনটেন্ট ডেভেলপমেন্ট, নিউজ রিপোর্টিং এবং স্টোরি ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির তাগিদ দেন।
সভাপতি জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী পটুয়াখালীকে একটি দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে বলেন, এ ধরনের প্রশিক্ষণ পরিচিত বিষয়গুলোকে নতুন দৃষ্টিকোণ থেকে জানার সুযোগ করে দেয়। দুর্যোগের ঝুঁকি কমাতে এবং গ্রামীণ জনপদের মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছাতে স্থানীয় সাংবাদিকদের আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কর্মশালায় অন্যদের মধ্যে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল কাইয়ূম, জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







