দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দু’দিন ব্যাপী ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী।
এর আগে রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উদ্বোধন সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এ.কে.এম শফিকুল ইসলাম।
গ্রীষ্মকালীন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে এবং উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ হানিফ সিকদারের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমকি এন.কে. আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান এবং সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ জব্বার হাওলাদারসহ উপজেলাধীন বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক ও প্রতিযোগীবৃন্দ।
দু’দিন ব্যাপী আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতার, দাবা (বালক-বালিকা), কাবাডি (বালক-বালিকা) এবং হ্যান্ডবল (বালক-বালিকা)-সহ মোট ২০টি ইভেন্টে উপজেলাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সুনাম অর্জনের আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা।







