কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি চম্পাপুর ইউনিয়নের বর্তমান মেম্বার (ইউপি সদস্য) ও ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি আল-আমিন তালুকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে নয়টায় উপজেলার মাছুয়াখালী গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর বেশ কয়েকজন সহযোগী পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, আল-আমিন মেম্বার দীর্ঘদিন ধরে ওই এলাকায় বড় পরিসরে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত ১০ সেপ্টেম্বর রাতে ইয়াবার একটি বড় চালান টিয়াখালী এলাকায় নিয়ে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতেই অভিযান চালিয়ে পশ্চিম বাদুরতলী গ্রাম থেকে আল-আমিনের প্রধান হোতা ও সহযোগী চারজনকে গ্রেফতার করে পুলিশ। সে সময় তাদের কাছ থেকে ২০২ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্য ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে মূল হোতা আল-আমিনকে গ্রেফতার করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও এসময় জানান তিনি।







