আমতলী (বরগুনা) প্রতিনিধি : আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক উদ্ধার ও জনসেবাসহ সার্বিক কার্যমূল্যায়নে বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আমতলী থানার মোঃ ইয়াকুব হোসাইন।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই স্বীকৃতি দেওয়া হয়। বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম)-এর সভাপতিত্বে এবং জেলার সকল পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় চলতি বছরের আগস্ট মাসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে ঘোষণা ও সম্মাননা প্রদান করা হয়।
এদিনের অপরাধ পর্যালোচনা সভায় আমতলী থানার আরও কয়েকজন কর্মকর্তা জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছেন। এর মধ্যে— আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজয় কুমার দত্ত জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই আল মামুন হাওলাদার জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এবং এএসআই জসিম উদ্দিন সিকদার, এএসআই হাসিবুল হাসান সোহেল ও এএসআই মাইনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন।
এই অর্জনের অনুভূতি ব্যক্ত করে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, ‘‘এই অর্জন শুধু আমার একার নয়; এটি আমাদের পুরো থানার টিম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং আমতলীর সম্মানিত জনগণের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার ফল। বিশেষ করে যাঁরা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং সবসময় পাশে থেকেছেন, তাঁদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।’’







