কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে বায়েজিদ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বায়েজিদ কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার কালাম ওরফে ‘ভ্যান কালামের’ ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বায়েজিদের বাবা কালাম টিয়াখালী এলাকার ওই জমিতে নতুন বাড়ি নির্মাণ করছেন। সকালে সেখানে একটি পরিত্যক্ত স্থানে বায়েজিদের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা মো. ইলিয়াস তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
