বাউফল প্রতিনিধি : রাতের নীরবতা ভেঙে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পটুয়াখালীর বাউফল পৌর শহর। মাত্র এক মিনিটের ব্যবধানে শহরের চার স্থানে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বাউফল থানার অদূরে পাবলিক মাঠ, কুন্ডপট্টী, গোলাবাড়ী ও উপজেলা পরিষদের সামনের এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে প্রায় এক মিনিটের ব্যবধানে পৌর শহরের বিভিন্ন স্থানে পরপর ৫ থেকে ৬টি বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে রাস্তায় থাকা মানুষজন ও দোকানপাট ছেড়ে সাধারণ ব্যবসায়ী ও পথচারীরা দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন। পরে কৌতূহলী স্থানীয়রা ঘটনাস্থলগুলোতে গিয়ে ভিড় জমান। তবে আকস্মিক এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে দ্রুত বাউফল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, বিস্ফোরণের ঠিক পরপরই রাত পৌনে ১০টার দিকে পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। তবে কারা এবং কী উদ্দেশ্যে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ কিংবা স্থানীয়রা।
বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “আজকে একটি বিশেষ প্রোগ্রাম ছিল। সেই বিশেষ প্রোগ্রামের পর এটি একটি ফাজলামো। তবে কী কারণে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
বর্তমানে ওই এলাকার পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।







