পটুয়াখালী শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ মোঃ আল আমিন মৃধা (৩৩) ও মোঃ কাসেম হাওলাদার (৩০) নামের চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটের দিকে পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের টাউন কালিকাপুর এলাকার ‘হোটেল সততা (আবাসিক)’-এর ২০৬ নম্বর কক্ষ থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল ওই আবাসিক হোটেলে যৌথ তল্লাশি চালায়। এ সময় হোটেলের ২০৬ নম্বর কক্ষে মাদক বেচাকেনাকালে হাতেনাতে ৫৫ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আল আমিন মৃধা সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আশ্রাফ আলী মৃধার ছেলে। অন্যজন সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোঃ নয়ন পাখি ওরফে নয়নচান পাখি হাওলাদারের ছেলে মোঃ কাসেম হাওলাদার।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ আবাসিক হোটেলকে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে জেলা শহরের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।







