দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে শিক্ষকদের চরম দায়িত্বহীনতা ও অবহেলার সুযোগে শ্রেণিকক্ষেই সহপাঠীদের নৃশংস মারধরের শিকার হয়েছে মো. রাফি নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী দুমকি আপতুননেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন এই ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষেই জিহাদ, রাজন, সাহাদ, আল-আমীন, মেহেদী, তামিম ও নুরনবীসহ অন্তত আটজন সহপাঠী রাফিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল।
ভুক্তভোগী রাফি জানায়, ‘‘সহপাঠীরা ক্লাসে বসে আমাকে ‘লম্বু’, ‘উপজাতি’ বলে ব্যঙ্গ করত এবং কলম দিয়ে খুঁচিয়ে ও গলা টিপে ধরত। আমি বারবার শিক্ষকদের বিষয়টি জানালেও তারা কোনো বিচার বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেননি। মঙ্গলবারও একইভাবে তারা আমার ওপর হঠাৎ হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করে।’’
মারধরের পরও স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। আহত রাফিকে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা না করে স্কুলের পিয়ন নজরুলের মাধ্যমে লাইব্রেরিতে প্রায় দেড় ঘণ্টা বসিয়ে রাখা হয় এবং পরে তার মাকে খবর দেওয়া হয়।
সন্তানের এমন অবস্থায় ক্ষোভ প্রকাশ করে রাফির মা মোসা. সুমি বেগম বলেন, ‘‘আমার ছেলেটা সহজ-সরল হওয়ায় অত্যাচার হলেও বাড়িতে কিছু বলত না। স্কুল থেকে ফোন পেয়ে গিয়ে দেখি ছেলেকে পিয়নের রুমে আটকে রাখা হয়েছে, তার সারা শরীরে মারধরের দাগ। শিক্ষকরা যদি একটু সচেতন ও দায়িত্বশীল হতেন, তবে আজ আমার সন্তানের এই পরিণতি হতো না।’’
এদিকে এ ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাদের অভিযোগ, বিদ্যালয়টিতে শিক্ষকদের তদারকির চরম অভাব রয়েছে। ক্লাস চলাকালীন বা টিফিনের সময় শিক্ষার্থীরা ভবনের ছাদসহ আশপাশে অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেও শিক্ষকরা উদাসীন থাকেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে দুমকি আপতুননেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা হেপি বলেন, ‘‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, ‘‘ঘটনাটি সম্পর্কে আমি আগে অবগত ছিলাম না। বিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থী নির্যাতন ও শিক্ষকদের অবহেলার অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’







