দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীকে বদলি করে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পদায়ন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আহসান হাবিব স্বাক্ষরিত উক্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮৮৪৮ পরিচিতি নম্বরের এই কর্মকর্তাকে দুমকি থেকে বদলি করে জিয়ানগর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর অব্যাহতি গ্রহণ এবং দুমকিতে নতুন ইউএনও পদায়নের মধ্যবর্তী সময়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুমকি উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত ১১ আগস্ট দুমকিতে ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর অপসারণের দাবিতে প্রচারপত্র বিলি করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন স্থানীয় ছাত্র-জনতার একাংশ। সে সময় তাঁর বিরুদ্ধে মাদকবিরোধী পদক্ষেপ না নেওয়া এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আনা হয়।
তবে স্থানীয় আন্দোলনকারীদের উত্থাপিত অভিযোগের সত্যতা কিংবা অভিযোগের সঙ্গে এই বদলির আদেশের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না—সে বিষয়ে সরকারি প্রজ্ঞাপনে কোনো মন্তব্য করা হয়নি।







