পটুয়াখালী জেলায় কর্মরত প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাদের সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনা এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, ‘‘গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করা এবং দেশের প্রোটিনের চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অপরিসীম। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরো আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।’’
তিনি দেশের দুগ্ধ ও মাংস উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এছাড়া খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, আধুনিক খামার ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সভায় পটুয়াখালী জেলার প্রাণিসম্পদ উন্নয়নের বর্তমান চিত্র, কৃত্রিম প্রজনন সম্প্রসারণ, খামারিদের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ খালেদ কনক, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত কর্মকর্তা মোল্যা মেহেদী হাসান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, পটুয়াখালী সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান সহ পটুয়াখালী জেলার সকল উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






