‘‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’’— প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম বলেন, “প্রাকৃতিক দুর্যোগকে আমরা হয়তো পুরোপুরি থামাতে পারব না, তবে সচেতনতা ও পূর্বপ্রস্তুতির মাধ্যমে এর ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। দুর্যোগ সহনশীল দেশ গড়তে হলে কাঠামোগত প্রস্তুতির পাশাপাশি প্রতিটি পরিবার ও নিজ ঘর থেকেই সচেতনতার চর্চা শুরু করতে হবে। পটুয়াখালী উপকূলীয় জেলা হওয়ায় এখানে দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি স্থানীয় সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ জনগণের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা এস,এম, দেলোয়ার হোসাইন। ইয়া হাদিয়া সোনামণির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী পুলিশ সুপারের প্রতিনিধি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান, পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ কামাল হোসেন, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবুল বাসার, পটুয়াখালী রেডক্রিসেন্টের সহকারী পরিচালক ফারুক হোসেন, এসডিএ’র নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাস, ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং একটি দুর্যোগ সহনশীল সমাজ ও দেশ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে অগ্নিকাণ্ড রোধ ও দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সচেতন করতে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্যোগে এক মহড়া অনুষ্ঠিত হয়।







